স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
সর্বশেষ কোকাকোলা ফিফা র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে জায়গা করে নিল ব্রাজিল। বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ ঘোষিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দুই বছরের মধ্যে র্যাঙ্কিংয়ের এটাই ব্রাজিলের সবচেয়ে ভালো অবস্থান। তবে র্যাঙ্কিংয়ের সেরা তিনে কোনো পরিবর্তন নেই। যথারীতি শীর্ষে থাকা স্পেনের পরের দুটি স্থানে আছে যথাক্রমে জার্মানি ও পর্তুগাল। ব্রাজিল শিবিরে সেরা তিনে জায়গা না পাওয়ার অস্বস্তি থাকলেও আগামী মাসে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন শুরুর আগে একটা স্বস্তি তারা পেতেই পারে- র্যাঙ্কিং অনুযায়ী তারা এখন লাতিন আমেরিকার সেরা দল। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা একধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে। এছাড়া এক ধাপ করে পিছিয়ে পাঁচ ও ছয় নম্বরে আছে যথাক্রমে কলম্বিয়া ও উরুগুয়ে।
সর্বশেষ এই র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশও। একধাপ এগিয়ে ১৬২তম স্থানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে বর্তমান সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তান। যদিও ছয় ধাপ পিছিয়ে ১২৮তম স্থানে নেমে গেছে তারা। দুই ধাপ পিছিয়ে যৌথভাবে ১৪৭তম স্থানে আছে ভারত। পাকিস্তান অবশ্য দুই ধাপ এগিয়েছে। নেপালের সঙ্গে যৌথভাবে ১৫৯তম স্থানে আছে দলটি। পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ হবে ৬ জুন।




