বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মহান মে দিবস আজ

মহান মে দিবস আজ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আজ মহান মে দিবস। এ দিনটি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এইদিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ সরকারি ছুটি। সরকারি-বেসরকারি অফিস-আদালতের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক ও কলকারখানা বন্ধ থাকবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ও বেতারগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করবে।
ইতিহাসের এই দিনে শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে। এক লাখ পঁচাশি হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝাণ্ডা হাতে সমবেত হন সেখানে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রাণ হারান। এ ঘটনার ফলে ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
রাষ্ট্রীয় কর্মসূচি : মে দিবস উদযাপন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৭টায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি দৈনিক বাংলা থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। এদিকে মে দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে ভাষণ দেবেন।
আওয়ামী লীগের কর্মসূচি : ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জনসভার আয়োজন করেছে গাজীপুর জাতীয় শ্রমিক লীগ। বিকেল ৩টায় এ শ্রমিক জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। মে দিবসকে কেন্দ্র করে ঢাকা বিভাগীয় শ্রমিক লীগ সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। সকাল ৭টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিভিন্ন সংগঠনের কর্মসূচি : মে দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী এবং সাংস্কৃতিক গোষ্ঠী কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। মহান মে দিবসকে সামনে রেখে আজ বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এদিকে মুজিবসেনা লীগ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ হকার্স মার্কেটের ষষ্ঠ তলায় এক আলোচনা সভার আয়োজন করেছে। ইরামত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) সকাল সাড়ে ১০টায় মতিঝিল বিমান ভবনের সামনে শ্রমিক সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের সামনে সকাল ৯টায় গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশের আয়োজন করেছে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে শ্রমজীবী মানুষের মুক্তির লক্ষ্যে কাঁটাতারের মিছিল করবে। রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন মে দিবস উপলক্ষে সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক অধিকার, শ্রমিক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য দাবিতে গার্মেন্টস শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়াও শিল্প এলাকাগুলো আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে, গাজীপুর বড়বাড়ি, নাবিস্কো শহীদ মিনারের সামনে ও মিরপুর সেনপাড়ায় বিকেল ৪টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন

সর্বশেষ