তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির লংমার্চ নীলফামারী জেলার ডালিয়া পয়েন্টে পৌঁছেছে।বুধবার সকাল ১১টার দিকে লংমার্চ ডালিয়া পয়েন্টে গিয়ে পৌঁছে। এর পরই শুরু হয় সমাবেশ।এক মাইল আগে গাড়ি থেকে নেমে পায়ে হেটে মিছিল নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ডালিয়া পয়েন্টে যান। ডালিয়া পয়েন্টে সমাবেশের মধ্যদিয়ে বিএনপির দুই দিনব্যাপী লংমার্চ শেষ হবে। এর আগে রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।ঐ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যে গড়ে তোলার আহ্বান জানান।
বুধবার সকাল ৯ টা ৪৫ মিনিটে তিস্তা অভিমুখে লংমার্চ শুরুর আগে রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দ্বিতীয় দিনের প্রথম পথসভা হয়। রংপুরে পথসভা শেষে লংমার্চ তিস্তা অভিমুখে যাত্রা শুরু করে। তিস্তার ডালিয়া পয়েন্টে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ কর্মসূচি শেষ হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের কাছ থেকে ন্যায্য দাবি ও পাওনা আদায় করে নিতে হবে। আর এর জন্য আমাদের দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ইস্যুগুলোর মধ্য দিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে, আমাদের ন্যায্য দাবি আদায় করতে হবে।
বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্যবাদ মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা ফখরুল বলেন, আমাদের এই আন্দোলন সরকার ও ভারতের বিরুদ্ধে নয় এবং ভারতের জনগণের বিরুদ্ধেও নয়, আমাদের এই আন্দোলন বাংলাদেশের জনগণের পক্ষে। ভারত সরকারের কাছ থেকে আওয়ামী লীগ সরকার তিস্তার ন্যায্য হিস্যা আদায় করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
তিস্তা নদীসহ বাংলাদেশের ৫৪ টি নদীর উপর ভারত বাঁধা নির্মাণ করে বাংলাদেশকে তাঁর ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। পথসভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুর রশীদ আবেদ, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।



