ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আমি ধান্দাবাজ না। ধান্দাবাজির জন্য আমি কাজ করি না’, এমনটাই দাবি যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের। মঙ্গলবার বেলা তিনটায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও তমা কনস্ট্রাকশন সার্ভিস এন্ড কোম্পানির উদ্যোগে ডিজিটাল ট্যাক্সিক্যাব চালু উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি কাজ করি আমার কমিটমেন্ট থেকে। ধান্দা করার জন্য নয়। ধান্দা করার আগে যেন আমার মৃত্যু হয়।
মন্ত্রী বলেন, সকালে নতুন ট্যাক্সিক্যাব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আমি এখন এর আনুষ্ঠানিকতা শুরু করলাম। তিনি বলেন, আজ থেকে রাজধানীতে তমা কনস্ট্রাকশনের ১৯টি ও সেনাবাহিনী ২৭টি, মোট ৪৬টি নতুন ট্যাক্সিক্যাবের যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে বাংলাদেশে এ রকম ৬শ’ ৫০টি ট্যাক্সিক্যাব চলবে। মন্ত্রী বলেন, এই ট্যাক্সিক্যাবে ক্যামেরা, ভাড়ার রশিদ, ভুলে কিছু রেখে গেলে সেটা উদ্ধারসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন যাত্রীরা।
রাজধানীতে বর্তমানে চলাচলরত ট্যাক্সিক্যাব ও যাত্রীবাহী বাসের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দেশে চলাচল করা ট্যাক্সিক্যাবের দিকে তাকানো যায় না। যাত্রীবাহী বাসগুলো লক্কর-ঝক্কর মার্কা, গরীব গরীব ভাব। এই অবস্থায় দেখলে আমারি লজ্জা করে। বিদেশিদের কি বলবো। আমি চাই এর পরিবর্তন হোক। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, তমা কনস্ট্রাকশনের চেয়ারম্যান আতাউর রহমান ভুঁইয়া মানিক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জয়েন্ট কমিশনার মীর রেজাউল আলম প্রমুখ।




