ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিমের আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আবু বকরের সঙ্গে তাঁর স্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসানও রয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আবু বকর সিদ্দিককে মুখ্য বিচারিক হাকিমের আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি নেওয়া হবে।
দুপুর পৌনে ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আবু বকর সিদ্দিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিত্সা কর্মকর্তা মো. ফরহাদ। তিনি জানান, তার (এবি সিদ্দিক) শারীরিক অবস্থা ভাল রয়েছে। তবে ব্লাড প্রেসার একটু হাই রয়েছে।
আবু বকরের ব্যক্তিগত গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক শাখার কর্মকর্তারা। বেলা ১১টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডের বাসা থেকে পুলিশের পিকআপ ভ্যানে আবু বকর ও তাঁর স্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসান নারায়ণগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছান। সেখান থেকে আবু বকরকে আদালতে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জবানবন্দি দেওয়ার পর যেখান থেকে অপহরণ হয়েছিলো সেখানে নেওয়া হবে তাকে। এরপর নেওয়া হবে হামিদ ফ্যাশনে। এরপর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।




