গ্রাহক সেবা ও সফলতার আরো একটি বছর পার করলো বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেড। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা ব্যাংকটি গ্রাহক সেবায় ১৯ বছর পেরিয়ে বুধবার ২০ বছরে পা ওই বছরের ১৭ এপ্রিল বাণিজ্যিক কার্যক্রম শুরু করে প্রাইম ব্যাংক। সে হিসেবে ১৯ বছর পূর্ণ হবে ১৬ এপ্রিল।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ১৯ বছর পূর্তি উপলক্ষে গ্রাহক সেবার মান আরো বাড়াতে নানা কার্যক্রম হাতে নেওয়া হবে। ২০তম বছরে গ্রাহকদের অধ্যাধুনিক সুবিধায় নতুন সেবার সঙ্গেও পরিচয় করিয়ে দেবে ব্যাংকটি। এসব ক্ষেত্রে প্রাধান্য পাবে গ্রাহক চাহিদার বিষয়টি। নতুন বছরে ব্যাংকটি বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকেও গুরুত্ব দিবে। অব্যাহত থাকবে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রমও।
প্রাইম ব্যাংক রিমিটেড প্রতি বছর দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে। ব্যাংকটি আরো বলছে, নতুন বছর উদযাপন উপলক্ষে তারা এবার সামাজিক কর্মসূচি হিসেবে রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেবে।
প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও আর্টিসান সিরামিকসের চেয়ারম্যান মো. নাদের খান। ব্যাংকের প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন এহসান খসরু। জানা জায়, দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে ব্যাংকের ১১৯ টি শাখা রয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৮টি, ২৫টি চট্টগ্রামে, রাজশাহীতে ১১টি, সিলেটে ১৭টি, খুলনায় ৬টি, বরিশালে ১টি ও রংপুরে ২টি শাখা রয়েছে।
ব্যাংকটি গ্রাহক সেবা সহজ করতে ইতোমধ্যে ইজি ক্যাশ নামে মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। এছাড়া প্রাইম ক্যাশ নামে বায়োমেট্রিক কার্ড সুবিধা দিচ্ছে গ্রাহকদের।




