ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
জলমহাল দখল নিয়ে সিলেট সদর উপজেলায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদার লোকজনের সঙ্গে বলাউড়ার কাশেম ও ছাতকের মুর্শেদ আহমদের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে কান্দিগাঁও ইউনিয়নের আটটি গ্রামের লোকজন অংশ নেন।
সূত্র জানায়, কান্দিগার্ঁও ইউনিয়নের বলাউরা গ্রাম সংলগ্ন জিলকার হাওরে ডিসকভারি নামক একটি কোম্পানির মাধ্যমে মৎস্য প্রকল্প পরিচালনা করে আসছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদা ও তার ব্যবসায়িক অংশীদাররা।
সোমবার সকালে ছাতকের মুর্শেদ আহমদ ও বলাউড়ার কাশেমের নেতৃত্বে একদল লোক ওই জলমহাল দখল করতে আসলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কান্দিগাঁও ইউনিয়নের আউশা, খালোপাড় ও বলাউড়াসহ আটটি গ্রামের লোকজন অংশ নেয়।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য হিরণ মিয়াও আছেন।




