বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
বাংলা নববর্ষে বিদ্যা সিনহা মিম, ইমন ও কল্যাণ কোরাইয়া বড় পর্দায় হাজির হচ্ছেন। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত এ ছবির নাম ‘জোনাকির আলো’। ১২ এপ্রিল রাজধানীর শ্যামলী সিনেমা হলে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিতব্য এ ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিতি, তারিক আনাম খান, মুনিরা মিঠু, শামস সুমন, গাজী রাকায়েতসহ আরও অনেকে।
জোনাকির আলো নিয়ে মিম বলেন, ‘চার বছর পর বড় পর্দায় আমার ছবি মুক্তি পাচ্ছে। এর আগে আমার ‘প্রাণের প্রিয়া’ নামক একটি বাণ্যিজিক ছবি মুক্তি পায়। ‘জোনাকির আলো’ ছবিটির গল্প আর্ট ফিল্ম ধরণের। এ ছবিতে আমি প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা একটা মেয়ে। আমাকে নিয়েই গল্পটা এগোয়। আর এর মধ্যে প্রেম, সংসার, বিরহসহ নানাকিছু দেখানো হয়েছে।’
এদিকে মিম এবং ইমন তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’ ও রিপন মিয়ার ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ নামে আরো দুটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তবে ‘জোনাকির আলো’ ছবিটি আগে মুক্তি পাচ্ছে । ইমন বলেন, ‘এ ছবিতে আমাকে দর্শকরা ভিন্নভাবে দেখতে পাবেন। আমি ছবিটি নিয়ে বেশ আশাবাদী। অভিনয় ও গানের ক্ষেত্রে দর্শকরা ভিন্ন কিছু দেখতে পাবেন।’
অন্যদিকে কল্যাণ এর আগে ‘পিতা’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন। ছবিটি মুক্তির পরই ‘জোনাকির আলো’ ছবির কাজ শুরু করেন। আর বিদ্যা সিনহা মিমের সাথে ছোট পর্দায় কাজ করলেও বড় পর্দায় প্রথমবারের মত জুটি হয়ে আসছেন।




