ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রোববার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চে এ আবেদন করা হয়।
যথাযথভাবে ওই অভিযোগ গঠন করা হয়নি দাবি করে এ রিভিউ আবেদন দয়ের করা হয়। ওই আবেদনের ওপর আগামী বুধবার শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত। রিটে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনে কেন ‘আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি’ তা জনতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন।
এর আগে গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় এ দুই মামলায় অভিযোগ গঠন করে খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিচার শুরুর আদেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ২০১১ সালে এবং জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশন মামলা দুটি দায়ের করে।




