রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়১৮ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ

১৮ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ছয় দফা দাবি আদায় এবং যুদ্ধাপরাধীদের বিচারে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে আগামী ১৮ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চের সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে শাহবাগের প্রজন্ম চত্বরে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

কর্মীদের ওপর হামলার ঘটনায় তদন্ত প্রসঙ্গে ইমরান এইচ সরকার বলেন, ‘থানার ভেতর আক্রমণ করেও যারা পার পেয়ে যায়, সেই থানার পুলিশ কর্মকর্তারা যে কী তদন্ত করবেন সেটা সহজেই অনুধাবনযোগ্য। তারপরও সরকারের ওপর থেকে আস্থা না হারিয়ে আমরা উচ্চপর্যায়ের তদন্তের আহ্বান জানাচ্ছি।’

ইমরান বলেন, ‘পুলিশ ও পেটোয়া বাহিনীর যুগপৎ মারমুখি আচরণে আমরা ক্ষুব্ধ, বিস্মিত। লাখো কণ্ঠে সোনার বাংলা কর্মসূচিতে ইসলামী ব্যাংকের অনুদান গ্রহণ করার প্রতিবাদ করায় সরকার ও তাদের পেটোয়া বাহিনী গণজাগরণ মঞ্চের প্রতি খড়গহস্ত হয়েছে।’ পরে তিনি সংবাদ সম্মেলন থেকে ‘যুদ্ধাপরাধী নির্মূলের রূপরেখা ও গণজাগরণ মঞ্চের ৬ দফা বাস্তবায়ন’ শীর্ষক নতুন কর্মসূচি ঘোষণা করেন। এ সময় জানানো হয়, আগামী পহেলা বৈশাখ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করবে গণজাগরণ মঞ্চ।

আরও পড়ুন

সর্বশেষ