শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......হামলার প্রমাণ পেলে ক্ষমা চাইবে ছাত্রলীগ

হামলার প্রমাণ পেলে ক্ষমা চাইবে ছাত্রলীগ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে, মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের এমন বক্তব্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বললেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আর যদি গণজাগরণ মঞ্চ প্রমাণ করতে পারে ছাত্রলীগ হামলা করেছে তাহলে ছাত্রলীগ জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে জাতির কাছে ক্ষমা চাইবে।’

ইমরান এইচ সরকারের ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বক্তব্যের প্রতিবাদে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দের খুনিদের গ্রেফতার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বদিউজ্জামান সোহাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলমকে গ্রেফতারের দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার না করলে দেশব্যাপী ছাত্রধর্মঘট ডাকার হুমকি দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘প্রায় ১০ মাস যাবৎ গণজাগরণ মঞ্চের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। তাদের সঙ্গে বিরোধ থাকার প্রশ্নই আসে না। বরং মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।

যুদ্ধাপরীদের ফাঁসির রায়ের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ বর্তমানে জনগণ থেকে বিচ্ছিন্ন দাবি করে তিনি আরো বলেন, ‘একটি বিষয় পরিষ্কার যে তাদের নিজেদের মধ্যে কিছুদিন যাবৎ অস্থিরতা ও উত্তেজনা আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। তবে ইমরান এইচ সরকার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপসংস্কৃতিবিষয়ক সম্পাদক শেখ আসমান ও সাবেক দপ্তর সম্পাদক নাসিম রূপককে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।’
গণজাগরণ মঞ্চ বর্তমানে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিচ্ছে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ