ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
পাবনা সদর উপজেলায় মাছ ধরা নিয়ে সৃষ্ট দলীয় অভ্যন্তরীণ বিরোধের জের ধরে আমজাদ হোসেন মণ্ডল (৫৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে চর বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের চরবলামপুর গ্রামের হোসেন আলীর ছেলে ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি হানিফুল ইসলাম জানান, গত তিনদিন আগে চরবলরামপুর গ্রামের একটি জলাশয়ে মাছ ধরা নিয়ে এলাকার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় বুধবার গ্রামে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে যাওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন আমজাদ হোসেনকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি করে। এতে তিনি মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
নিহত আমজাদ হোসেন মণ্ডল স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ। তিনি অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোট না দেওয়ায় প্রতিপক্ষ মোস্তফা কফিল ও তার লোকজন আমজাদকে করে গুলি করে হত্যা করেছে।




