ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিশ্বব্যাংকের পেনশন খেয়ে চলেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। সোমবার বিকেলে শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস চন্দ্র বোসের কক্ষে সাংবাদিককের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, উনি নাকি (অর্থমন্ত্রী) বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন। এটা কি তোমরা বিশ্বাস করো? উনি তো(অর্থমন্ত্রী) বিশ্বব্যাংকের পেনশন খেয়ে চলেন। বাজেট প্রসঙ্গে আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থমন্ত্রী হাজার পৃষ্ঠার বাজেট দেন। কিন্তু এটা বাস্তবায়ন কম হয়। উনি হাজার হাজার কথা বলেন, কিন্তু বাস্তবায়ন করতে পারেন না। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, উনি(অর্থমন্ত্রী) কি যেন বানাইছেন, পিপিপি। প্রতি বছর এর জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ রাখেন। অথচ পিপিপি কি এই বিষয়ে দেশের মানুষ জানে না।
উল্লেখ্য: সংশোধিত এডিপি নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয়ের মধ্যে এক ধরনের মতভেদ দেখা দিয়েছে। চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এখন এক হাজার কোটি টাকা বাড়িয়ে ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে চায় অর্থ মন্ত্রণালয়। কিন্তু পরিকল্পনা কমিশন এটা মানতে রাজি নয়। এদিকে সংশোধিত এডিপির জন্য ৬০ হাজার ৫৮২ কোটি টাকা বরাদ্দ চায় পরিকল্পনা কমিশন।




