শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন‘ব্যক্তিগত জীবনে অপচয় ছাড়া দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা কোন কাজে লাগে না...

‘ব্যক্তিগত জীবনে অপচয় ছাড়া দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা কোন কাজে লাগে না : দুদক মহাপরিচালক

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আবু মো. মোস্তফা কামাল বলেছেন, ‘ব্যক্তিগত জীবনে অপচয় ছাড়া দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা কোন কাজে লাগে না। দুর্নীতিবাজরা বিনিয়োগ করতে ভয় পায়। ফলে, জাতীয় প্রবৃদ্ধিতেও এ টাকার কোন প্রভাব নেই।’ সোমবার সকাল সাড়ে এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৪ উপলক্ষে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোস্তফা কামাল বলেন, ‘দুর্নীতিকে সমাজ থেকে বিতাড়নের জন্য পারিবারিকভাবে এগিয়ে আসতে হবে। শিশুদেরকে শুরু থেকে এ ব্যাপারে সচেতন করতে হবে।‘

দুদকের বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আলেফ উদ্দিন ও জেলা প্রশাসক আবদুল মান্নান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. মোরশেদ আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটি মহানগর শাখার সাধারণ সম্পাদক শাওন পার্থ, সীতাকুণ্ড থানা শাখার সাধারণ সম্পদক মাহবুব হোসেন প্রমুখ।

শফিকুল ইসলাম বলেন,‘আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর প্রধান শত্রু দুর্নীতি। দুর্নীতির হাত থেকে বাঁচতে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।’ তিনি বলেন,‘দুর্নীতি বৃদ্ধির অন্যতম কারণ দ্বৈতচরিত্র। আমরা অন্য কেউ ঘুষ খাচ্ছে তার নিন্দা করি কিন্তু নিজের পরিবারের কোন সদস্য এর সঙ্গে জড়িত থাকলে তাকে বড় করে দেখি না। এ প্রবণতা অবশ্যই ত্যাগ করতে হবে।’

আলেফ উদ্দিন বলেন, ‘আইনের শাসনের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের উদ্বুদ্ধ করতে হবে। দুদক শুধু মামলা করে গেল, শাস্তিমূলক ব্যবস্থা নিলো, কেবল এর মাধ্যমে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়।’

আবদুল মান্নান বলেন,‘দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ কেবল স্বাস্থ্যহানি ঘটায়। সৎ মানুষ কম আয় করেও অনেক সুখে থাকে। তাই, নতুন প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতে হবে।’ অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানে আজ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৪’র ষষ্ট দিনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সকালে নগরীর ওয়াসা মোড়ে দুর্নীতি বিরোধী মানবন্ধন ও র্যালি করে শিক্ষার্থীরা।

আরও পড়ুন

সর্বশেষ