ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মন্ত্রী-এমপিদের লুটপাটের টাকা বৈধতা দিতে সরকার কুইক রেন্টাল মাধ্যমে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। কুইক রেন্টাল মাধ্যমে বিদ্যুতের দাম বৃদ্ধি করে সরকার রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের জন্য বেসরকারি খাতকে সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, শীর্ষক প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। রফিকুল ইসলাম মিয়া বলেন, সরকারি কোনো কাজের দায়িত্ব টেন্ডার ছাড়া দেয়ার নিয়ম নেই। কিন্তু এই সরকার বিশেষ আইনের মাধ্যমে টেন্ডারবিহীনভাবে দলীয় নেতা এবং সরকারের অনুগত কিছু প্রতষ্ঠানকে রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দায়িত্ব দিয়েছে।
বিএনপির এ নেতা বলেন, এই রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র যারা চালাবে তাদের বিরুদ্ধে যাতে কোনো আইনি ব্যবস্থা যাতে নেয়া না যায় সরকার তারও ব্যবস্থা করেছে । বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান কর্ণেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ ফ ম ইউসুফ হায়দার, বিশিষ্ট চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম প্রমুখ।




