ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দলের শান্তিপূর্ণ র্যালির কর্মসূচি পুলিশি বাধা ও নারীদের উপর আক্রমণের প্রতিবাদে আগামী ১০ মার্চ জেলায় জেলায় এবং ঢাকায় প্রতিটি থানায় মহিলা দলের উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এ কর্মসূচির ঘোষণা দেন।
শিরিন সুলতানা বলেন, সরকার যেভাবে জনগণের উপর নিষ্ঠুর যাঁতাকল ঘুরাচ্ছে তাতে জনগণের কঠিন প্রতিরোধের প্রস্তুতি চলছে। সে বিষয়ে তারা কিছুই টের পাচ্ছে না। ক্ষমতা জবরদখলকারী এই সরকারকে সমুলে উচ্ছেদ করতে চারদিকে দামামা বেজে উঠেছে, এখন জনগণ শুধু তাদের সরকার পতনের ঘণ্টা বাজাবে।
তিনি অভিযোগ করেন, নারী দিবস উপলক্ষে মহিলা দল বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছিল। এ বিষয়ে সকল আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছিল। পুলিশকে সময় ও স্থান উল্লেখ চিঠিও দেয়া হয়েছিল। অথচ আজকে আমাদের শান্তিপূর্ণ র্যালিকে বানচাল করতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যে ন্যাক্কারজনক ভূমিকা রেখেছে তা বিশ্ব নারী দিবসকে ছোট করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্ব নারী দিবসটি সারা বিশ্ব যথাযথ ভাবে পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে থাকে। তিনি বলেন, আমারও নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি। সমাজের পরিবর্তে নারীদের ভূমিকা অপরিসীম।
ফখরুল বলেন, দিবসটি উপলক্ষে মহিলা দল পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণ র্যালি বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয় এবং জলকামান, প্রিজন ভ্যান ও তাদের পেটোয়া বাহিনী দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দেন। এ বিষয়ে পুলিশের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি বলে অভিযোগ করেন।
তিনি বলেন, যে দেশের প্রধানমন্ত্রী ও স্পিকার মহিলা সেদেশে নারীদের কর্মসূচি পুলিশের বাধা গ্রহণযোগ্য নয়।




