ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রোববার বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন খালেদা। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এতে সভাপতিত্ব করবেন। রফিক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান সভাপতি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
ঢাকা আইনজীবী সমিতির ২০১৪-১৫ বর্ষের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ নিরঙ্কুশ বিজয় পায়। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল জয় পায় ৬টি সদস্য পদে। শুক্রবার সকালে ভোট গণনা শেষে এই ফলাফল পাওয়া যায়। এতে নীল প্যানেল ১০টি অফিসিয়াল পদের সব কটিতে জয়লাভ করেছে এবং ১৫টি সদস্য পদের ৯টিতে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন।
সভাপতি পদে জয় পেলেন মোঃ মহসীন মিয়া, সাধারণ সম্পাদক পদে মোঃ মোসলেহ উদ্দিন জসীম, সিনিয়র সহ-সভাপতি পদে রেজাউল করিম নিজাম, সহ-সভাপতি পদে জহির রায়হান জসীম, কোষাধ্যক্ষ পদে মোঃ সামসুজ্জামান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আবু ইউসুফ সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান রঞ্জু, লাইব্রেরি সম্পাদক পদে আহম্মদ উল্ল্যা আমান, সাংস্কৃতিক সম্পাদক পদে রাফিজা আলম লাকি, দফতর সম্পাদক পদে শহীদ গাজী জয়লাভ করেন।




