স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
টি-টুয়েন্টি সিরিজের দু ম্যাচের মত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও জয়ের খুব কাছে গিয়ে হারলো বাংলাদেশ।সোমবার প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ১৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে শ্রীলংকা।দিনশেষে তাই ব্যাটিং ব্যর্থতা ছাপিয়ে ক্যাচ মিসের মহড়াটাই হয়ত বেশি পোড়াচ্ছে সাকিব-নাসিরদেরকে।
১৮১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই এনামুলকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।তবে শুভ-মমিনুল ৭৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে ওঠেন।মমিনুল ৭ চারে ৪৪(৫৩) রান করে আউট হলেও অর্ধশতক তুলে নেন শুভ।দলীয় ১১৪ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান আউট হওয়ার আগে ৩ ছয় ও ৫ চারে ৬২(৪৯) রান করেন শুভ।এরপরই অবশ্য মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ২৮ রানের ব্যবধানে সাজঘরে ফিরে যান সাকিব,নাসির,মাহমুদুল্লাহ ও সোহাগ গাজী।আরাফাত সানি ক্রিজে এসে মুশফিককে সঙ্গ দেয়ার কিছুটা চেষ্টা চালান।তবে ৩৬তম ওভারে দলীয় ১৬১ রানের মাথায় ভুল করে বসেন তিনিও।ম্যাথিউসকে হাঁকাতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন সানি।ম্যাচে বাংলাদেশের আশা তখনও বেঁচে ছিল মুশফিককে ঘিরে।কিন্তু ৩৮তম ওভারের প্রথম বলে বাংলাদেশ দলপতি যেভাবে আউট হয়েছেন সেটা সত্যিই খুব লজ্জাজনক ।দলকে জয় থেকে মাত্র ১৯ রান দূরে রেখে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।ওখানেই অবশ্য বাংলাদেশের ম্যাচ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়।৪০ তম ওভারের দুই নম্বর বলে রুবেল আউট হলে সব আনুষ্ঠানিকতা শেষ হয়।১৬৭ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।লংকানদের পক্ষে ম্যাথিউস ২১ রানে ৩ উইকেট শিকার করেছেন।এছাড়া সেনানায়েকে পেয়েছেন ২ উইকেট।
এর আগে দিনের শুরুতে দাপট দেখায় স্বাগতিক বোলাররা।টস হেরে ব্যাটিংয়ে গিয়ে সানি-রুবেলদের তোপে দলীয় ৬৭ রানের মধ্যেই ৮ লংকান ব্যাটার সাজঘরে ফিরে যান।তবে নবম উইকেটে দারুণ জুটি গড়ে চোখ রাঙ্গাচ্ছিলেন সনোনায়েকে ও থিসারা পেরেরা।এতে অবশ্য স্বাগতিক ফিল্ডারদের অবদানও কম ছিল না। সাকিব,নাসির,মাহমুদুল্লাহ ও সোহাগের মত খেলোযাড়রাও এসময় ক্যাচ ছেড়েছেন।অবশেষে সাকিব সেনেনায়েকেকে ব্যক্তিগত ৩০ রানে বোল্ড করলে ভাঙ্গে ৮২ রানের জুটি।সেনানায়েকের বিদায়ের পর মালিঙ্গাকে নিয়েও ঝড়ো ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন ম্যাচসেরা থিসারা।তবে ৪০তম ওভারের শেষ বলে সোহাগকে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মালিঙ্গা।ফলে ৩ ওভার আগেই ১৮০ রানে থেমে যায় লংকানদের ইনিংস।তিনবার জীবন পাওয়া থিসারা পেরেরা ৬ ছয় ও ৪ চারে ৫৭ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন।বাংলাদেশের পক্ষে রুবেল,সাকিব ও সানি দুটি করে উইকেট নেন।




