ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মৃদু বাতাস, মিষ্টি দুপুর, হিন্দোলিত প্রকৃতি, আবছায়া গোধূলিতে পথভোলার উদাসী পদচারণ বলে দিচ্ছে ফাগুন এসেছে। ফাগুন তার বর্ণিল প্রকৃতিকে বরণ করতেই বিশ্ব মেতে উঠেছে ভালোবাসার জয়গানে। ফেব্রুয়ারি দুটি সপ্তা অতিবাহিত হতেই উদাসী যুবক-যুবতী, রোমান্টিক, আপনভোলা মানুষ হারিয়ে যেতে চান ভালোবাসার মধুর দিনে। যার নাম বিশ্ব ভালোবাসা দিবস, ১৪ ই ফেব্রুয়ারি। আজ সেই দিন!
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও ‘বিশ্ব ভালোবাসা দিবসে’র ভেলায় ভাসে। বঙ্গদেশের কেউ কেউ এদিন করে থাকেন নির্জনতার খোঁজ। শত ব্যস্ততার মাঝে কেউ এই বিশেষ দিনে খুঁজে পান ‘ভালো না লাগার মাঝে এতটুকু ভালো লাগা।’
‘ভ্যালেন্টাইন ডে’ বা বিশ্ব ভালোবাসা দিবসের উৎপত্তি নিয়ে হরেক রকম কথা প্রচলিত আছে। কারো মতে, ২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল।
বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল।




