বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাবেক সংসদ সদস্য নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক সংসদ সদস্য নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সাড়ে ৩ কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক মো. সায়েদ আলম বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অপরাধের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৫ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। রেকর্ডপত্র পর্যালোচনায় দায়–দেনা বাদে তার মোট নিট অর্জিত সম্পদের পরিমাণ পাওয়া যায় ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকা। এর মধ্যে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকা। এক্ষেত্রে তার অর্জিত সম্পদের চেয়ে বৈধ আয় ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকা কম পাওয়া গেছে। অর্থাৎ তিনি অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখে অপরাধ করেছেন। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপপরিচালক আল আমিন দৈনিক আজাদীকে মামলা দায়েরের এ তথ্য নিশ্চিত করে বলেন, তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ