বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার (১৮ নভেম্বর) সকালেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। একপর্যায়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি সাদা রঙের গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ। তিনি জানান, আগুনে পুড়ে যাওয়া গাড়িটি পুলিশের। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রাজীব হোসেন জানান, পুলিশের গাড়িতে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে নিশ্চিত করেন তিনি।
এদিকে, শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে সকালে গাড়িটি নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, মঙ্গলবার সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি দেখতে তিনি পুলিশের গাড়ি নিয়ে সেখানে যান। একপর্যায়ে গাড়ি থেকে নামার পর মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, শ্রমিকরা আগে থেকেই তার গাড়িটিকে লক্ষ্যবস্তু করে রেখেছিলেন। একপর্যায়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় তিনি নিরাপদে রয়েছেন বলে জানান।




