জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি সেবায় দুর্নীতি থেকে মুক্তি চায় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘পত্রপত্রিকায় এনআইডি সেবায় হয়রানির খবর দেখলে তিনি অস্বস্তি বোধ করেন। এ ধরনের হয়রানি বন্ধে কার্যকর পরামর্শ চান তিনি। নাগরিকরা যাতে নির্বিঘ্নে সেবা পান সেটি নিশ্চিত করতে হবে।
নাগরিকদের আবেদন গ্রহণের পর দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, কোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তার আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।
তিনি বলেন, কেউ একটি আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব পাবেন না, তার আবেদন কোথায় আছে সেটাও জানতে পারবেন না-এটা হতে পারে না। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে একটি মেসেজ দিতে হবে। প্রয়োজনে একটি মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে যোগাযোগ করে জানতে পারেন তাঁর আবেদনের কী অবস্থা।
সিইসি বলেন, এনআইডি-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে অনেক সময় একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা দেখা যায়। কারও জন্মনিবন্ধন ঠিক নেই, কারও শিক্ষাগত সনদে সমস্যা-এ ধরনের নানা অজুহাত সামনে আসে। কিন্তু এভাবে দায় এড়িয়ে গেলে নাগরিকদের সেবা নিশ্চিত করা সম্ভব নয়।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘যেকোনো চিঠি পাওয়ার পর তা বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে, যাতে আবেদনের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। সঠিকভাবে আবেদন করার বিষয়ে জনসচেতনতাও প্রয়োজন।
সিইসি বলেন, নাগরিকদের সেবা নিশ্চিত করতে চাই। এনআইডি-কেন্দ্রিক কোনো হয়রানি থাকবে না, দুর্নীতির মধ্যে কাউকে যেতে হবে না-এটাই আমার প্রত্যাশা। এ ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা ও পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছ থেকে সমাধান চাই।
এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব আখতার আহমেদ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরাও অংশগ্রহণ করেছেন।




