নদীকে কেন্দ্র করে ব্যতিক্রমী একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি: The River Script’ আয়োজন করতে যাচ্ছেন দেশের বহুমুখী শিল্পী, গায়ক ও ক্রিয়েটিভ উদ্যোক্তা রাশিদ খান। আগামী ৫ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ঢাকার ঢাকা গ্যালারিতে চলবে ২১ দিনব্যাপী এই প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৩:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীটির কিউরেশন করছেন চিত্রশিল্পী, কলা-লেখক ও কিউরেটর জাভেদ জলিল। এতে নদীকে শুধু চিত্রকলার বিষয় হিসেবে নয়, বরং সাহিত্য, সংগীত, সংস্কৃতি ও মানুষের জীবনচেতনার বহুমাত্রিক অনুষঙ্গ হিসেবে তুলে ধরা হবে।
আমাদের নদীগল্পগুলো কি শুধুই প্রবাহমান জলের, জীবনের নাকি সময়ের? কিংবা যে নদী আমাদের ভেতর দিয়ে বয়ে চলে, তাকে কি কখনো দেখতে পাই? এ প্রশ্ন যেন এক গভীর উপলব্ধির অন্তরযাত্রা। চিত্রশিল্পী রাশিদ খান-এর একক চিত্রপ্রদর্শনী ‘’নদীলিপি : দ্য রিভার স্ক্রিপ্ট (River Script)’’ দর্শককে নদীকেন্দ্রিক এমনই এক বিচিত্র ভাবনার মুখোমুখি করবে।
বিশেষ এই প্রদর্শনীতে চিত্রকর্মের পাশাপাশি স্থান পেয়েছে শিল্পীর অন্তর্নিহিত ভাবপ্রকাশ ও শব্দের বিচরণ। ভিন্ন লেন্সে, প্রতিদিনের দেখা নদীর বাইরে আবিষ্কারের চেষ্টা করা হয়েছে আরেক নদী—যা বয়ে চলে মানুষের জীবনের ভেতর দিয়ে, প্রবাহমান সময়ের সঙ্গে। সেই নদীকে খুঁজে পাই কখনো স্মৃতিতে, কখনো অনুভূতিতে, আবার কখনো নিজের অজান্তেই নিজের ভাবনায়।
শিল্পীর চোখে নদী কখনো জলধারা, কখনো দিগন্তজোড়া রেখা, কখনো নদীপারের জনপদ কিংবা মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ও স্মৃতির পাশাপাশি উঠে এসেছে সময়ের সঙ্গে সভ্যতার এগিয়ে চলার গল্প। প্রদর্শনীতে শিল্পী রাশিদ খানের চিত্রকর্মের পাশাপাশি কিউরেটোরিয়াল অনুসন্ধান ও লেখায় যুক্ত রয়েছেন জাভেদ জলিল (JJ)।
প্রদর্শনী চলাকালে নির্ধারিত কয়েকটি সন্ধ্যায় নদীকে ঘিরে থাকবে ‘নদী কথা’, ‘নদী গান’, ‘নদী সাহিত্য’, ‘নদী গল্প’, ‘নদী সুর’, ‘নদী পাঠ’ ও ‘নদীলিপি’ শীর্ষক বিশেষ আড্ডা ও অনুষ্ঠান। এ ছাড়া আগামী ১০ নভেম্বর বিকেল ৩:০০ টায় জাভেদ জলিল (JJ)-এর পরিচালনায় বিশেষ আর্ট ওয়ার্কশপ “Art in Everyday Life” অনুষ্ঠিত হবে। চিত্রকর্মের সঙ্গে কথা, সাহিত্য, সুর ও শব্দের এই অভিনব আয়োজন নিয়ে ‘আমাদের নদী গল্প’-এর প্রথম প্রকাশ—‘নদীলিপি : দ্য রিভার স্ক্রিপ্ট’।
উল্লেখ্য, বহুমাত্রিক চিত্রশিল্পী, সংগীতশিল্পী এবং ক্রিয়েটোর সিইও ও প্রতিষ্ঠাতা শিল্পী রাশিদ খান ১৯৯৩ সাল থেকে নিয়মিত চিত্রচর্চা করছেন, যার কাজ ঢাকা, সিডনি, মেলবোর্ন ও মায়ামির বিভিন্ন একক ও যৌথ প্রদর্শনীতে সমাদৃত হয়েছে। অন্যদিকে, ঢাকাভিত্তিক চিত্রশিল্পী, শিল্প-লেখক ও কিউরেটোরিয়াল অনুসন্ধানী জাভেদ জলিল (JJ) যুক্তরাষ্ট্রের আর্ট প্র্যাকটিস ব্যাকগ্রাউন্ড নিয়ে কালকাকেন্দ্র, ইএমকে সেন্টার, অ্যালিয়েন্স ফ্রঁসেজ ও তাজ বেঙ্গল কলকাতাসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে কাজ করেছেন।




