শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েদুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, শারদীয় দুর্গাপূজা কেবল কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সম্প্রদায়ের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আমাদের আবহমানকালের সামাজিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরো সুদৃঢ় করার এক অনন্য সেতুবন্ধন। এ উৎসব অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে সত্য ও সুন্দরের জয়ের প্রতীক। মন্ত্রী গতকাল বান্দরবানে রাজার মাঠে শারদীয় দুর্গোৎসব ও মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলার ওপর মন্ত্রী গুরুত্বারোপ করে বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি সম্প্রদায়ের নিরাপত্তা, মৌলিক অধিকার এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উৎসব উদ্যাপন করতে পারেন, সেলক্ষ্যে জেলা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুসংহত ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসব চলাকালে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদ্যাপন কমিটি এবং স্থানীয় সচেতন জনগণকে সার্বক্ষণিক সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
এর আগে মন্ত্রী প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব ও শারদ মেলার উদ্বোধন করেন।
উল্লেখ্য, চলতি বছর বান্দরবান জেলার সাতটি উপজেলায় মোট ৩৩টি পূজামণ্ডপে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
পরে মন্ত্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা এবং পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

সর্বশেষ