কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিনজন। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রিসোর্টটিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করা হয়। এ সময় দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতদের পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে রিসোর্টটি পুড়ে কয়লা হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন। ঠিক কতজন আহত বা নিহত হয়েছে বলতে পারছি না। যেহেতু রিসোর্ট পুরোটি পুড়ে গেছে।




