সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ

সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ

রাঙামাটির অন্যতম পর্যটনকেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে আজ রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি পালন হচ্ছে। এতে সাজেকে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।তবে অবরোধের মধ্যেই সেনাবাহিনীর নিরাপত্তায় সীমিত পরিসরে পর্যটকদের সাজেকে নেওয়া এবং সেখান থেকে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজারে আয়োজিত এক সমাবেশে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি সাজেক থেকে জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সদস্যদেরকে সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিতে আলটিমেটাম দেওয়া হয়। তারই কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটন কেন্দ্র সাজেক বাঘায়হাট থেকে সাজেক ভ্যালি পর্যন্ত সড়কে অবরোধ কর্মসূচি চলছে।

এদিকে সড়ক অবরোধের কারণে সাজেকে বেড়াতে আসা এবং ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকরা পড়েছেন অনিশ্চয়তায়। দীর্ঘদিনের পরিকল্পনা ও খরচ করে ঘুরতে এসে যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

বগুড়া থেকে সাজেকের উদ্দেশে আসা পর্যটক টিপু চৌধুরী বলেন, সাজেকে ঘুরতে আসার জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা করেছিলেন। কিন্তু অবরোধের কারণে কখন ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপদে যাতায়াত নিশ্চিত করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আরেক পর্যটক শাহিদ বলেন, সাজেকে এসে এমন পরিস্থিতিতে পড়বেন, তা কখনও ভাবেননি। অবরোধের কারণে ভ্রমণের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। নিরাপত্তা নিশ্চিত করে পর্যটকদের যাতায়াত স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

সাজেক জিপগাড়ি চালক মো. ইয়াকুব আলী বলেন, অবরোধের কারণে গাড়ি চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমাদের পর্যটক আসলে আয় হয় নাহলে বসে বেকার সময় কাটাতে হয়। পর্যটক অনেক কমে গেছে। এতে আমাদের চালক ও পর্যটক দুই পক্ষই ভোগান্তিতে পড়ছেন। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ নিলে পর্যটন নগরীতে পর্যটকদের আগমন ঘটবে আরও বেশি।

খাগড়াছড়িতে সাজেক জিপ গাড়ি কাউন্টারের ম্যানেজার মো. আরিফ বলেন, পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর নিরাপত্তায় দিনে একবার স্কটের মাধ্যমে পর্যটকদের সাজেকে নেওয়া এবং সেখান থেকে ফিরিয়ে আনার উদ্যোগ রয়েছে। পরিস্থিতি অনুযায়ী যাতায়াতের বিষয়ে পর্যটকদের প্রয়োজনীয় তথ্য দেওয়া হচ্ছে। আমাদের গাড়িগুলো আগে যে রকম যেত এখনও ঠিক একইভাবে যাচ্ছে। তবে, আগে দুবার পর্যটকদের গাড়ি স্কট দিয়ে নিয়ে যাওয়া ও আসা হতো। আর আজকে থেকে দিনে একবার নিয়ে যাওয়া ও আসা হবে। কোনো সমস্যা হচ্ছে না। সেনাবাহিনী পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন।

খাগড়াছড়ি সংশ্লিষ্ট কাউন্টার ও সাজেক কটেজ মালিক সমিতির সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর নিরাপত্তায় স্কটের মাধ্যমে পর্যটকদের যাতায়াতের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অবরোধের কারণে স্বাভাবিক ভ্রমণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ