ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ বেনাপোলে হস্তান্তর করা হয়েছে। মরদেহ ঢাকায় জানাজা শেষে চট্টগ্রামের বাড়িতে নেওয়া হবে।
রোববার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মরদেহ আনা হয়েছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান। রোটনের স্ত্রী আরেফা সুলতানা ও বড়ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন। বেনাপোলে মরদেহটি গ্রহণ করেন। পরে পুলিশি প্রহরায় মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকার উদ্দেশ্যে। মরদেহ হস্তান্তরের সময় পুলিশ, বিজিবি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ১৯ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গিয়েছিলেন মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। প্রায় দুই বছর পর লাশ হয়ে দেশে ফিরলেন তিনি। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোটন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল সোয়া ৭টায় কলকাতার হাসপাতালে মারা যান।




