রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা কমবে। ধীরে ধীরে পাল্টাচ্ছে দেশের আবহাওয়া। আকাশে বাড়ছে মেঘের আনাগোনা, এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিও। এদিকে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।




