রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

চাঁদা দিতে অস্বীকার করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা স্টুডিওতে থাকা সিসি ক্যামেরা, বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। পাশাপাশি স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও আসবাব ভাঙচুর করে তছনছ করা হয়।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির কিছু লোক তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে বিমানে ঢাকায় এসে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ফেসবুক লাইভে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।

তিনি জানান, স্টুডিওতে বিভিন্ন ক্লায়েন্টের শুটিংয়ের ফুটেজ, সরঞ্জাম ও অন্যান্য কাজের উপকরণ রাখা ছিল। এসব নিয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বড় হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির নির্দিষ্ট আর্থিক পরিমাণ জানাতে পারেননি তিনি।

সালমান মুক্তাদির আরও জানান, ঘটনার বিষয়ে তিনি মামলা করবেন। তাঁর ভাষ্য, স্টুডিওটি শুধু তাঁর ব্যক্তিগত উদ্যোগ নয়, অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থান ও সৃজনশীল কাজের জায়গা ছিল।

হামলার পরও কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ভয় পেয়ে সৃজনশীল কাজ বন্ধ করবেন না। প্রয়োজনে দেশের বাইরে থেকেও কাজ চালিয়ে যাবেন।

এদিকে হামলার ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। পুলিশের পক্ষ থেকে আটকের তথ্য দেওয়া হলেও মামলা ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ