সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদজাতীয়আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানার সামনে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি লরিতে বিস্ফোরণের পর আগুনে পথচারী ও নারীসহ সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। তাদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় অবস্থিত এফএন্ডএফ পোশাক কারখানার সীমানার ভেতরে থেমে থাকা লরিতে এ ঘটনা ঘটে।। রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনায় মোট সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, নিহতদের একজন জয়নব (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। বাকি পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাত সোয়া ১১টার দিকে কাভার্ড ভ্যানের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কারখানায় ব্যবহারের জন্য আনা গ্যাস সিলিন্ডার নামানোর সময় একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরে আরও কয়েকটি বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। এতে আশপাশের কয়েকটি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় প্রায় ২০০ গজ দূরের একটি টেইলার্সের দোকানে ছিলেন জয়নব। বিস্ফোরণে একটি সিলিন্ডার দোকানের টিনের ছাদ ভেদ করে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তারা সেখানে পৌঁছায় এবং রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণে কারখানার কয়েকটি জানালার কাচও ভেঙে যায়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, বিস্ফোরণের পর ২৬ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের বেশির ভাগই আশপাশের সবজি বিক্রেতা ও পথচারী। গুরুতর দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল এবং এতে নিরাপত্তাজনিত কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ