সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশজুড়ে পরিচালিত ২৪ লাখ ডলারের একটি প্রকল্পের আওতায় এসব চিকিৎসা সরঞ্জাম ও কারিগরি সহায়তা দেয়া হচ্ছে। বিশেষ করে সন্তান প্রসব ও নবজাতকের যত্নে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ হিসেবে স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত রয়েছে। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবাতেও সহায়তা দেয়া হচ্ছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘অতিরিক্ত রোগীর চাপের মধ্যেও তারা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন।’ হাসপাতাল পরিদর্শনে এসে বিষয়টি তিনি নিজ চোখে দেখেছেন বলেও জানান।

পরিদর্শনের সময় তার সহধর্মিণী ডিয়ানডাও, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় করেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে, তিনি তেঁতুলিয়ার মহানন্দা নদী ও বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেন। এসময় সহধর্মিণীকে সঙ্গে নিয়ে সেখানে সেলফিও তোলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ