ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সংরক্ষিত নেই। তবে তালিকা সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।আগামী ৩০ জুনের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান সরকার মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখার জন্য বীর মুক্তিযোদ্ধাদের ইতোমধ্যে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের ভাতা ক্রমান্বয়ে বৃদ্ধি করে শেখ হাসিনার নেতৃত্বে বিগত সরকারের আমলে মাসিক ৩ হাজার টাকায় উন্নীত করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে এই ভাতা ৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।
তিনি আরও বলেন, এ মন্ত্রণালয়ের অধীনে ভূমিহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। সকল জেলায় মুক্তিযোদ্ধা কমপক্ষে ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন, ঢাকায় মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্প, মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী প্রজন্মের জন্য বঙ্গবন্ধু ছাত্র বৃত্তি প্রবর্তন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসর গ্রহণের বয়স-সীমা বৃদ্ধি, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য স্পেশাল বিসিএসের ব্যবস্থাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।




