এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছিল মন খারাপ করা খবর— গোপাল ভাঁড় নাকি আর ফিরছে না! প্রিয় এই চরিত্রকে বিদায় জানিয়ে আবেগঘন পোস্টও করেছিলেন অনেকে। কেউ কেউ তো ধরে নিয়েছিলেন, শেষ হয়ে গেছে গোপালের দুষ্টুমি, রসিকতা আর রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের সেই চেনা কাণ্ডকারখানা। কিন্তু শেষ পর্যন্ত গল্পটা হলো অন্যরকম।
গোপাল ভাঁড় শেষ হয়নি। বরং নতুন পর্ব নিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে সনি ৮ এ প্রচারে আসবে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব। দীর্ঘ অপেক্ষা ও নানা গুঞ্জনের পর অবশেষে দর্শকদের সামনে ফিরছেন গোপাল।
গত জুলাইয়ে ‘গোপাল ভাঁড়’-এর ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ নতুন পর্ব সম্প্রচার বন্ধ হয়ে যায়। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও নতুন পর্ব প্রকাশ না হওয়ায় দর্শকদের মধ্যে শুরু হয় নানা জল্পনা।
এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি দৃশ্য। সেখানে দেখা যায়, মৃত্যুশয্যায় শুয়ে আছেন গোপাল ভাঁড়। পাশে কাঁদছেন তার স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যরা।
ব্যস, এতেই আগুনে ঘি! ছড়িয়ে পড়ে— গোপাল ভাঁড়ের গল্প বুঝি সত্যিই শেষ। সনি ৮-এর পক্ষ থেকেও দীর্ঘ সময় কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় ‘শেষ হয়ে গেছে’ গুঞ্জনটি আরও জোরালো হয়।
২০১৫ সালে সনি ৮-এ যাত্রা শুরু করে ‘গোপাল ভাঁড়’। এরপর হাস্যরস, বুদ্ধিমত্তা ও শিক্ষণীয় বার্তার মিশেলে সিরিজটি জায়গা করে নেয় বাঙালি দর্শকের মনে।
গোপালের সবচেয়ে বড় শক্তি তার উপস্থিত বুদ্ধি। রাজ্যের জটিল সমস্যা হোক কিংবা ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র— হাসতে হাসতেই নিজের বুদ্ধির জোরে সেসবের সমাধান করে ফেলে গোপাল।
আর এ কারণেই শুধু ভারত নয়, বাংলাদেশেও ‘গোপাল ভাঁড়’-এর রয়েছে বড় দর্শকগোষ্ঠী। ইউটিউবেও সিরিজটির পর্বগুলো বেশ জনপ্রিয়।




