বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েকর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী

কর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে ১১ দলীয় জোটের নেতাদের বৈঠকে কর্নেল (অব.) অলি আহমেদকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৯ আগস্ট) জোট শরিকদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জোটের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এ ছাড়া ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদও বৈঠকে যোগ দেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন—এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী।

জামায়াত ও জোটের নেতারা মনে করছেন, সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বর্তমান সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে নির্বাচনের ফল অনেকটাই নির্ধারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২১১টি আসন পাওয়ায় দলটি যে প্রার্থী দেবে, তারই নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। এরপরও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়াকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে দেখছে জামায়াত।

দলটির নেতারা বলছেন, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক চর্চাকে আরও গতিশীল করার পাশাপাশি একটি রাজনৈতিক নজির সৃষ্টি করতে চায় জামায়াত। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে সর্বশেষ বিরোধী দল থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার নজির রয়েছে। সে সময় আওয়ামী লীগ বিরোধী দলে থেকে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করেছিল। তিনি বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের কাছে ৮০ ভোটে পরাজিত হন।

আরও পড়ুন

সর্বশেষ