বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপালানোর সময় বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সারোয়ার আটক

পালানোর সময় বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সারোয়ার আটক

শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল বিমানবন্দরের বহির্গমন এলাকায় অভিযান চালায়। এ সময় দেশ ছাড়ার প্রস্তুতিকালে গোলাম সারোয়ার খানকে আটক করা হয়। জালিয়াতির মাধ্যমে তৈরি করা কাগজপত্র ব্যবহার করে গোলাম সারোয়ার নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিতেন। ওই পরিচয় ব্যবহার করে তিনি ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্টও সংগ্রহ করেছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন গোলাম সারোয়ার। তবে বিমানবন্দরের বহির্গমন এলাকায় ডিবির অভিযানে তার সেই চেষ্টা ভেস্তে যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, গোলাম সারোয়ার খান বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। বড় সাজ্জাদের অধীনে তিনি ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তথ্য রয়েছে।

বড় সাজ্জাদ চট্টগ্রামের অপরাধজগতের আলোচিত নাম। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। সেখান থেকে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন যোগাযোগমাধ্যমে দেশে থাকা সহযোগীদের অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী ও রাউজান এলাকায় বড় সাজ্জাদের সহযোগীদের তৎপরতা রয়েছে। বড় সাজ্জাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ফোন করে হুমকি, চাঁদাবাজি, বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি ছোড়া এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ