বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েপ্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন নির্বাচিত প্রার্থীরা।

রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগযোগ্য শূন্য পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর তাদের পদায়ন সম্পন্ন করা হবে এবং পরবর্তী সময়ে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এর আগে, গত ১ আগস্ট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রাপ্তদের যোগদানের সম্ভাব্য তারিখ হিসেবে ২৯ অক্টোবর নিয়ে আলোচনা করা হয়েছিল। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্ত ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ার কারণে যোগদান কিছুটা বিলম্বিত হলেও দ্রুত সময়ের মধ্যে শিক্ষক পদায়ন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবরকেই চূড়ান্ত যোগদানের তারিখ হিসেবে নির্ধারণ করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এরপর তাদের বিদ্যালয়ে পদায়ন করা হবে। পদায়ন শেষে পর্যায়ক্রমে পেশাগত প্রশিক্ষণে পাঠানো হবে।

এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

তবে নিয়োগের সব ধাপ শেষ হলেও দীর্ঘদিন ধরে যোগদান করতে না পারায় নির্বাচিত প্রার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ দাবিতে গত এপ্রিলের শেষ দিকে রাজধানীতে আন্দোলনও করেন তারা। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে দ্রুত তাদের যোগদান ও পদায়নের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ