সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে বের হওয়ার সময় দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ সময় একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন এনসিপির নেতারা। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীদের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ কর্মসূচি শেষ করে পাশেই একটি রেস্তোরাঁয় দুপুরের লাঞ্চে যাওয়ার পথে সারজিস আলমের গাড়ি বহরের ওপর হামলা চালায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা। এসময় সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।
বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে হবিগঞ্জে কর্মসূচি বাধাপ্রাপ্ত হওয়ায় সিলেটে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে শুরু থেকেই কিছুটা শঙ্কা ছিল।




