শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রচ্ছদখেলার সময়চট্টগ্রাম থেকে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ২০২৬

চট্টগ্রাম থেকে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ২০২৬

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের ক্রীড়া ইতিহাসে সর্ববৃহৎ অংশগ্রহণের ফুটবল আসর ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ আগামী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ কোটি ৬০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এবারের টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কারণে খেলা আগস্টে শুরু হলেও প্রধানমন্ত্রী উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন আগামী ৯ বা ১০ সেপ্টেম্বর।

তিনি জানান, এবারের আসরে দেশের ১৯ হাজার ২১১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৫৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদ্রাসা এবং ৬ হাজার ৭৮৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে। সব মিলিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৬০ লাখেরও বেশি।

শিক্ষামন্ত্রী বলেন, এই প্রতিযোগিতার লক্ষ্য শুধু ফুটবল খেলা আয়োজন নয়; বরং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করা, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তোলা এবং তাদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

তিনি জানান, প্রতিযোগিতাটি মাধ্যমিক (বালক ও বালিকা) এবং উচ্চ মাধ্যমিক/সমমান (বালক ও বালিকা)—এই চার বিভাগে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক পর্যায়ের উপজেলা ও থানা পর্যায়ের খেলা ৯ আগস্ট থেকে শুরু হবে। উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের খেলা শুরু হবে ৬ অক্টোবর। আঞ্চলিক পর্ব শেষে ২৭ থেকে ৩০ অক্টোবর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, টুর্নামেন্ট উপলক্ষে রিলস, থিম সং ও মাসকট তৈরির প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। বিজয়ীদের উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ