মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা আসামি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা আসামি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে চারটি মামলা হয়েছে। এসব মামলায় ছাত্রলীগের অস্ত্রধারী কারও নাম না থাকলেও আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ ছাত্রদের ঠিকই আসামী করা হয়েছে।

রোববারের সহিংসতার ঘটনায় বিকালে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার সাদ আহমেদ বিস্ফোরক ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা করেন। এতে ৫০ জনের নাম উল্লেখ করে দেড়শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। একই ঘটনায় দুটি মামলা করেন মতিহার থানার উপপরিদর্শক মাসুদার রহমান। এতে ৪৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও দেড়শ জনকে।

অপরদিকে, একই ঘটনায় পুলিশ বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেছে। যে মামলায় আসামি করা হয়েছে শতাধিক শিক্ষার্থীকে। এর মধ্যে আটক এক শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে ছাত্রলীগ নেতারা তাদের সংগঠনের কর্মীদের গুলি করার অভিযোগ অস্বীকার করলেও বিভিন্ন গণমাধ্যমে ছবি আসার পর বিব্রত হয় সরকার। ঘটনা তদন্তে এরই মধ্যে একটি কমিটি করেছে ছাত্রলীগ। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমূল আলম।

কোর্স ফি বাড়ানোর প্রতিবাদ এবং সান্ধ্যকালীন কোর্স চালু না করার দাবিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে রবিবার হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে জড়ায় পুলিশ। তাদের রাবার বুলেটে আহত হয় বেশ কজন শিক্ষার্থী। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সিন্ডিকেট। সোমবার সকাল আটটার মধ্যে সব শিক্ষার্থী হল ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

আরও পড়ুন

সর্বশেষ