টেন্ডার বাণিজ্য, দোকান বরাদ্দ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডিএসসিসির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, গোলাম কিবরিয়া ডিএসসিসির অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োজিত ছিলেন।
জানা যায়, আগে মেয়র ফজলে নুর তাপসের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে গোলাম কিবরিয়া রুবেল দায়িত্ব পালন করেছেন। তাপসের সময় থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও দফতরের দায়িত্ব পেয়েছিলেন বলে দাবি করা হয়। রুবেলের বিরুদ্ধে সম্পদ বৃদ্ধির অভিযোগও উঠেছে। তার নামে রাজধানীতে একাধিক ফ্ল্যাট, বাড়ি এবং কক্সবাজারে একটি হোটেল রয়েছে বলে জানা গেছে।
দপ্তর আদেশে বলা হয়েছে, অভিযোগগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত এবং বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে (গোলাম কিবরিয়া) দায়িত্বে রাখা সমীচীন নয়। এই কারণে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ধরনের প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।
সাময়িক বরখাস্তের এই সময়কালজুড়ে গোলাম কিবরিয়াকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত (অ্যাটাচড) করা হয়েছে। বিধি অনুযায়ী এ সময়ে তিনি অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন কি না, তা তদন্তের রিপোর্টের ওপর নির্ভর করবে।
এদিকে, ডিএসসিসির এই কড়া পদক্ষেপের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে করপোরেশন সূত্র।




