যশোরের পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় সরকারপ্রধান যশোর বিমান বন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর।
সফরসূচি অনুযায়ী, সেখানে তিনি বহুল প্রতিক্ষিত ‘উলশী খাল’ খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই প্রকল্প উদ্বোধনের পর তিনি স্থানীয় সুধী সমাবেশে ভাষণ দেবেন। এলাকাটিতে এই প্রকল্পকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
গত তিন মাসের মধ্যে যশোরে এটা তার দ্বিতীয় সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী বিশাল জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।




