ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
বগুড়া-৬ আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সাড়ে ৪ লাখের বেশি। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৬ জন।
১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের চেয়ে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হন। তবে একইসঙ্গে দুটি আসনের সদস্য থাকার বিধান না থাকায় তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল দেয় ইসি।
অন্যদিকে, শেরপুর-৩ আসনটির দুই উপজেলা শ্রীবরদী ও ঝিনাইগাতীতে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। ভোটকেন্দ্র ১২৮টি। আর ভোটকক্ষ ৭৫১টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান। তবে মূল লড়াই বিএনপি-জামায়াত প্রার্থীদের মধ্যে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে বিজিবি, র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়। পরে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করা হয়।




