ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পাঁচ বছরের আগে বাংলাদেশে আর কোনো জাতীয় সংসদ নির্বাচন নয়। বুধবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। তিনি বলেন, বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই।সংলাপের কথা আমাদের না। এটা বিদেশিরা বলছে।
তিনি আরো বলেন, একটি সরকার পাঁচ বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়। এই সরকারও পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী পাঁচ বছর ঘোষিত কার্যকলাপ চালিয়ে যাব। গত ৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
নির্দলীয় সরকারের দাবিতে হরতাল-অবরোধের পর থাকা বিএনপি ভোট বর্জন করে এখন সংলাপের মধ্যদিয়ে সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি জানাচ্ছে। ভোটের আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বিএনপি না এলেও সাংবিধানিক ধারা বজায় রাখতে এই নির্বাচন করতে হচ্ছে।
ভোটের পর শেখ হাসিনা বলেন, বিএনপি যদি জামায়াতে ইসলামীর সঙ্গ ও সহিংসতার পথ ছাড়ে, তবে সংলাপে সমঝোতা হলে মধ্যবর্তী নির্বাচন হতে পারে। এদিকে, উইলিয়াম হানা সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ চায় ইইউ।




