ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপ এবং ছয়জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিএনপির অর্থাৎ সরকার দলীয় ছয়জন হুইপ হলেন: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন (নিজান)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া ইসলামী আন্দোলন, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস; এই পাঁচটি দল একটি করে আসনে জয়ী হয়েছে। এ ছাড়া সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।




