বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু

তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর অধিদফতর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উচ্চ পর্যায়ের এ বৈঠক শুরু হয়। দায়িত্বশীল সূত্র জানায়, নতুন মন্ত্রীর সঙ্গে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ায় শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এছাড়া বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা এবং কারাগার ব্যবস্থাপনার সাম্প্রতিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে জানা গেছে। মাঠপর্যায়ে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উচ্চ পর্যায়ের এ বৈঠকে উপস্থিত আছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. গোলাম রসুল, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব দেলোয়ার হোসেন, সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ছিবগাত উল্লাহ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।

এছাড়া এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান উপস্থিত রয়েছেন।

বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ