বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ

আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) জন্য নতুন চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। এর মাধ্যমে তিনি অ্যাডভোকেট তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

আমিনুল ইসলাম এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য, রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে চিফ প্রসিকিউটর পরিবর্তনের খবর প্রকাশ করেন। পরে দ্য ডিসেন্ট নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রোববার দিনের বেলা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে তাজুল ইসলামকে জানানো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা। এছাড়া সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে বলেও ডিসেন্ট নিউজের প্রতিবেদনে বলা হয়।

বর্তমানে আইসিটি জুলাই ২০২৪ সালের আন্দোলনের সময় বিক্ষোভকারী ও পথচারীদের হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ রাজনীতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনা করছেন। ওই আন্দোলনের প্রেক্ষাপটেই শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ট্রাইব্যুনাল ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত গুমের ঘটনাসংশ্লিষ্ট মামলাও পরিচালনা করছে। এ পর্যন্ত তিনটি মামলার বিচার সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ