বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আদিলুর রহমানের মামলার কার্যক্রম স্থগিত

আদিলুর রহমানের মামলার কার্যক্রম স্থগিত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার নথিপত্র তলব করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত আপিল শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন। তথ্য বিকৃতি করে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে ওই মামলা হয়।
গত ৮ জানুয়ারি আদিলুর রহমান খান ও এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। ওইদিন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের করা আবেদন খারিজ হয়। এর বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন।
আদালতে আপিলকারীদের পক্ষে আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মো. আসাদুজ্জামান মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
গত বছরের ৫ মে হেফাজত ইসলামের সমাবেশে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও তথ্য বিকৃতির অভিযোগে আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর পুলিশি প্রতিবেদন (প্রসিকিউশন) দেয় পুলিশ। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মামলাটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। পরে আদিলুর রহমান ও নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন

সর্বশেষ