চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
নগরীর মুরাদপুর নির্মাণ প্রতিষ্ঠান আর এফ প্রপার্টিজ লিমিটেডের ‘আর এফ নিকেতন’ নামে একটি ভবনের বর্ধিতাংশে ফাটল দেখা দিয়েছে। ফলে ভবনটির বাসিন্দাদের মাঝে ‘ফাটল আতঙ্ক’ ছড়িয়ে পড়ে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের(সিডিএ) কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করে বর্ধিতাংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর মুরাদপুর আল মক্কা হোটেলের পেছনে ‘আর এফ নিকেতন’ নামে ছয়তলা ভবনের বর্ধিতাংশে ফাটল ধরে। এতে ভবনটির বাসিন্দাদের মাঝে ফাটল আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি ভবনের বাসিন্দারা পুলিশকে জানালে, পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটির ফাটল অংশের ফ্ল্যাটের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরে যাওয়ার নির্দেশ দেয়।
আর এফ নিকেতন ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ বলেন,‘পাশে আরেকটি বিল্ডিংয়ের কাজ শুরু হয়। এরপর থেকে আর এফ নিকেতন ভবনটির বর্ধিতাংশে ফাটল দেখা দেয়। কিন্তু আর এফ প্রপার্টিজ লিমিটেডকে জানানোর পরও তারা কোন ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কিত বাসিন্দারা পুলিশকে বিষয়টি জানায়।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ সহকারি পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘সোমবার রাতে খবর পাওয়ার পর গিয়ে দেখি ভবনটির সামনের অংশে ফাটল দেখা দিয়েছে। পরে সিডিএ’র প্রকৌশলীরা ভবনটি পরীক্ষা করে না দেখা পর্যন্ত সাতটি পরিবারকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।’
সিডিএ’র অথরাইজড অফিসার-১ মোহাম্মদ মঞ্জুর হাসান বলেন, ‘আর এফ নিকেতনের নকশা বর্হিভূত অংশে ফাটল দেখা দিয়েছে। আমরা ভবনটিতে পরিদর্শন করে দেখেছি। মুল ভবনে কোন সমস্যা নেই। ভবন মালিককে বর্ধিতাংশ ভেঙ্গে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।’
আর এফ প্রপার্টিজ লিমিটেডের কর্মকর্তা আবু হেনা চৌধুরী বলেন,‘ভবনের সৌন্দর্য্যে বর্ধণের জন্য নকশার বাইরে সামান্য বাড়ানো হয়েছে। এটা মুল ভবনের অংশ নয়। বর্ধিতাংশটা এক সপ্তাহের মধ্যে ভেঙ্গে ফেলা হবে।’




