সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়শেষ হলো নির্বাচনী প্রচারণা, এবার ভোটের অপেক্ষা

শেষ হলো নির্বাচনী প্রচারণা, এবার ভোটের অপেক্ষা

শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় পর থেকে নির্বাচনী এলাকায় আর কোনো ধরনের মিছিল, জনসভা বা মাইকিং করা যাবে না।

এখন প্রস্তুত নির্বাচন কমিশনও। সারা দেশে এরই মধ্যে পৌঁছে গেছে বিশাল এ যজ্ঞের নানা সরঞ্জাম। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এখন শুধুই ভোটের অপেক্ষা।

ভোটগ্রহণ সুষ্ঠু রাখতে ইসি নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষের ২৪ ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও ভোটার ছাড়া অন্য কেউ সেখানে থাকতে পারবেন না। একই সময়ে প্রার্থী ও সমর্থকদের মিছিল ও শোডাউনও নিষিদ্ধ করা হয়েছে।

ভোটের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন বলে জানিয়েছে ইসি। পাশাপাশি বিমান বাহিনীর ড্রোনের মাধ্যমে ভোট পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন ও সরকার। দুই ঘণ্টা পরপর ভোটের হার অনলাইনে আপডেট দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে প্রচারণা শেষ হলেও নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জমা দেওয়ার ধারা অব্যাহত রয়েছে। সোমবার জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সিইসির সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৫৯টি মামলা করেছেন এবং ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে এ ভোট শুরু হবে। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট উপলক্ষে আগামীকাল বুধবার ও পরশু ভোটের দিন সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এবারের নির্বাচনে ভোটারদের দুটি পৃথক ব্যালট পেপার দেওয়া হবে। একটিতে থাকবে সংসদীয় আসনের পছন্দের প্রার্থীর প্রতীক এবং অন্যটিতে থাকবে সংবিধানের মৌলিক পরিবর্তন বা ‘জুলাই সনদ’ অনুমোদনের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ।

আরও পড়ুন

সর্বশেষ