বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।
সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামি শাসন কায়েম করতে চায়। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধু নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।
তিনি বলেন, নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে দু’দিন আগে বলেছেন, যে সকল মহিলা, যে সকল মা-বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে যান, তাদেরকে এমন একটি শব্দ ব্যবহার করেছেন- যা কলঙ্কস্বরূপ। এই কথা বলার পরে যখন তীব্র সমালোচনা শুরু হলো, তখন তারা বলছে আমাদের আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কার ভাষায় বলেছেন, আইডি এভাবে হ্যাক হতে পারে না।
তিনি বলেন, ‘আমরা দেখছি একটি রাজনৈতিক দল বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে কীভাবে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায়। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন-তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না। ওই রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কীভাবে অসম্মানিত করেছে। তাদের খারাপ ভাষায় অসম্মানিত করেছে।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমাদের নবী করিম সাল্লাল্লাহু ওয়া সালামের স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন কর্মমুখী মহিলা। তিনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী। আজকে যাদের নেতা বাংলাদেশের নারীদের একটি খারাপ কিছুর সঙ্গে তুলনা করেছেন, তারা বলে তারা ইসলাম কায়েম করবে।’
তিনি প্রশ্ন করেন, ‘যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, আপনাদের কাছে আমার প্রশ্ন নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায়, নির্বাচন পরবর্তী সময়ে তাহলে তাদের আচরণ কি হতে পারে? কাজেই এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে।
এদিকে খুলনার কর্মসূচি শেষে দুপুর দেড়টার দিকে তিনি যশোর ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এটি যশোরে তার প্রথম সরাসরি জনসভা।




